শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মশাল মিছিল ও মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।
১ নভেম্বর রোববার সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন নশাসন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুম খান, ইউপি সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিম, কামরুল ইসলাম মালত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার একটি ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
বক্তারা বলেন, জেলা শহরের কাছাকাছি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে জমির দাম বেশি হওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু জমির মূল্য যদি প্রধান বাধা হয়ে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য স্থানীয় মানুষ বিনামূল্যে জমি দিতেও প্রস্তুত রয়েছেন। জেলার বৃহত্তর স্বার্থে তাঁরা নিজেদের জমি দান করতে চান। তাঁদের দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে অবস্থিত। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা, টিউশন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে।
তাঁরা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু কোনো নির্দিষ্ট এলাকার মানুষের জন্য নয়, এটি পুরো জেলার শিক্ষার্থী ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই জেলার সর্বস্তরের মানুষের যাতায়াত ও নাগরিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা সদর অথবা এর আশপাশে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আবাসন, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ হবে।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের দাবি জানান তারা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available