• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৫২:৫৭ (23-Jul-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীর ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের পথগুলো যেন মরণফাঁদ

২৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৬

বদলগাছীর ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের পথগুলো যেন মরণফাঁদ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই সংযোগ সড়ক। যে সড়কগুলো রয়েছে সেগুলো কাদা ও জলাবদ্ধতায় যেন মরণফাঁদ। যে-কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এতে স্কুল বিমুখ হচ্ছে শিক্ষার্থীরা। পড়াশুনা থেকে পিছিয়ে পড়তে হচ্ছে তাদের। একাধিকবার প্রশাসনকে অবগত করা হলেও কোনো সমাধান মিলেনি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মূল পাকা সড়ক থেকে দূরত্ব প্রায় ৩০০ মিটার। সরু এ পথটি দিয়ে গাবনা গ্রাম সহ পাশের গোধইল গ্রামের অন্তত ৭০ জন শিক্ষার্থী স্কুলে আসে। এ পথটি শুধু স্কুলের শিক্ষার্থীদের জন্য না, এ গ্রামের স্কুল পাড়ার অন্তত দেড়শ পরিবারের ৫০০ মানুষের চলাচলের একমাত্র পথ। শুষ্ক মৌসুমে এ পথটি শুকনো। তবে বর্ষায় অন্তত ৬ মাস জলাবদ্ধ থাকে এ পথ। বিকল্প কোনো পথ না থাকায় হাঁটু সমান পানি মাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। এ সরু পথটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। এ পথের কারণে শিশুদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকতে হয় অভিভাবকদের। স্কুলে আসা ও ছুটির সময় নিয়ে যেতে হয় তাদের।

জলাবদ্ধতার কারণে অনেকে স্কুলে আসা-যাওয়ার পথে পানিতে পড়ে ভিজে যাওয়াসহ পোশাক নোংরা হয়ে যায়। এ কারণে অভিভাবকরাও স্কুলে আসতে দেয় না। এছাড়া পচা ও দুর্গন্ধ পানিতে আসা-যাওয়া করায় পায়ে চুলকানি ও ঘা হয়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসা কমিয়ে দিয়েছে। এতে পড়াশুনা থেকে অনেকটা পিছিয়ে পড়তে হচ্ছে। এ বিদ্যালয়ের দুইপাশে দুইটি পুকুর। পাড় ভেঙে এখন অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থা স্কুল ভবনের। যে কোনো সময় ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। জলাবদ্ধতার কারণে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতির হার ৬০ শতাংশ।

উপজেলার ছোট কাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই চিত্র। মূল সড়ক থেকে স্কুলের দূরত্ব প্রায় ৪০০ মিটার। মাটির সরু সড়কটি দিয়ে আসা-যাওয়া করতে হয়। সড়কটি বর্ষার পানিতে কাদা ও জলাবদ্ধতা হয়। এমন অবস্থা উপজেলার ৩৪ টি স্কুলের। দ্রুত এ সড়কগুলো সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম জানায়, কাদা পানি দিয়ে স্কুলে আসা-যাওয়া করায় পচা পানির কারণে পায়ে চুলকানি হয়েছে। অনেকের পায়ে ঘাঁ হয়েছে। আবার যারা ছোট তারা অনেক সময় পানিতে পড়ে গিয়ে জামা-কাপড় ও বই ভিজে যায়। ছোটদের বাবা-মা তাদেরকে স্কুলে আসতে দিতে চাই না।

স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনসহ কয়েকজন বলেন, স্কুল পাড়ায় প্রায় ১৫০টি পরিবারে ৫০০ মানুষের বসবাস। এ পাড়ায় যাওয়ার একটিমাত্র পথ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। বছরে প্রায় ৬-৭ মাস এখানে জলাবদ্ধতা থাকে। পচা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে আমাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। বাচ্চারা স্কুলে আসা কমিয়ে দিয়েছে। এতে পড়াশুনা থেকে অনেকে পিছিয়ে পড়েছে। দ্রুত এ জলাবদ্ধতা নিরসনসহ সড়কটি সংস্কার করার দাবি জানাই।

গাবনা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমাদের স্কুলের দুইপাশে (উত্তর ও দক্ষিণ) দুইটি পুকুরের কারণে প্রতিবছর পাড় ভেঙে যাচ্ছে। পাড় ভেঙে স্কুলের উত্তর পাশের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থা। গাইডওয়াল নির্মাণ করা না হলে আগামী বছর হয়ত ভবনটি পুকুরে ধসে যাবে। এতে পাঠদানে আমাদের সমস্যায় পড়তে হবে। জলাবদ্ধতা দূরীকরণসহ রাস্তা ও পাড় সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে।

গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সোহেল রানা বলেন, বিদ্যালয়ে ৬ জন শিক্ষক ও ১৩২ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে এ জলাবদ্ধতার কারণে ৫০-৬০ শতাংশ শিক্ষার্থী স্কুলে আসে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে আসতে দিতে চাই না। অনেক সময় আমরা এ পথ দিয়ে আসার সময় পোশাক নোংরা হয়ে যায়। বাধ্য হয়ে আলাদা করে পোশাক সাথে নিয়ে আসতে হয়। প্রতিবছরই আমরা উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসে আবেদন দেয়। কিন্তু কোনো কাজ হয় না।

বদলগাছী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, এ উপজেলায় ১৩৩ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৩৪টি বিদ্যালয়ে যে সংযোগ পথ রয়েছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। এছাড়া সংসদ সদস্য ফজলে হুদা বাবুল স্যারকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, উপজেলার বেশকিছু প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কের সমস্যা রয়েছে। স্কুলে আসা-যাওয়ায় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। আশা করছি চলতি অর্থ বছরে সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। এতে শিক্ষার্থীরাও স্কুলে যাওয়ার আগ্রহ বাড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
২৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৭:১৯

বুয়েটের নতুন প্রো-ভিসি ড. শরিফুল ইসলাম
বুয়েটের নতুন প্রো-ভিসি ড. শরিফুল ইসলাম
২৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৯:২৪






Follow Us