• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৬:২৪ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

যানজট, বৃষ্টি ও ফেরির চাপ; ভোগান্তিতে পাটুরিয়া পথের যাত্রীরা

২৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:২২

যানজট, বৃষ্টি ও ফেরির চাপ; ভোগান্তিতে পাটুরিয়া পথের যাত্রীরা

মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া ঘাটে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। তবে থেমে থেমে বৃষ্টি, সড়কে ধীরগতির যানবাহন, কাদা-পানিতে ভরা ঘাট এলাকা এবং ফেরিতে উঠতে দীর্ঘ অপেক্ষার কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

২৬ মে মঙ্গলবার ভোর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে পাটুরিয়ার দিকে যানবাহনের চাপ বাড়তে থাকে। নয়াডিঙ্গি এলাকায় সেতুর নির্মাণকাজ চলমান থাকায় সেখানে যানবাহনের ধীরগতি দেখা দেয়। মাঝেমধ্যে বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাফিকের মোড় এলাকায় ফেরিতে ওঠার অপেক্ষায় বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে ঘাটের বিভিন্ন স্থানে কাদা জমেছে। কোথাও কোথাও পানি জমে ছোট ছোট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের মালপত্র ও শিশু নিয়ে চলাচলে ভোগান্তি বাড়ে।

বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা বেশি সমস্যায় পড়েছেন। বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। রাজবাড়ীর উদ্দেশে মোটরসাইকেলে রওনা হওয়া তানভীর আহমেদ বলেন, “সকালে ঢাকা থেকে বের হয়েছি। রাস্তা পিচ্ছিল, আবার ঘাটে এসে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মোটরসাইকেল সামলানোই কঠিন হয়ে গেছে।”

অনেক যাত্রী ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে বাড়ির পথে রওনা হয়েছেন। পাবনার বেড়ায় যাওয়ার উদ্দেশে আশুলিয়া হতে নবীনগর হয়ে আসা যাত্রী সাইফুল ইসলাম বলেন, “একটা গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে উঠতে হচ্ছে। বৃষ্টির মধ্যে ব্যাগপত্র নিয়ে খুব ভোগান্তি হচ্ছে। ঘাটে এসে দেখি ফেরির জন্য আবার দীর্ঘ অপেক্ষা।”

কথা হয় ঢাকার মিরপুর থেকে পরিবার নিয়ে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করা রাকিব হোসেনের সাথে তিনি বলেন, “ভেবেছিলাম সকালে বের হলে দ্রুত যেতে পারব। কিন্তু নবীনগর থেকে ঘাট পর্যন্ত আসতে ধীরে ধীরে গাড়ি চলেছে। এখন বাজে সাড়ে ১১ টা ঘাটে এসে বৃষ্টি আর ঝড়ের কারণে আটকে আছি। বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হচ্ছে।”

সকাল থেকে বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে লঞ্চ চলাচলেও ধীরগতি দেখা গেছে। এতে অনেক যাত্রীকে ঘাট এলাকায় অপেক্ষা করতে হয়। কেউ ছাউনির নিচে, কেউ আবার ভেজা পরিবেশেই দাঁড়িয়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। কয়েকজন যাত্রী বলেন, বৃষ্টির সময় লঞ্চে ওঠানামার সময় পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

এ বিষয়ে দেওয়ান কউসিক আহম্মেদ বলেন, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক কাজ করছে। কোথাও যেন দীর্ঘ সময় যানবাহন আটকে না থাকে, সে বিষয়ে বাড়ানো হয়েছে নজরদারি। তিনি আরও জানান, সেতু নির্মাণের কারণে যানজটপ্রবণ নয়াডিঙ্গি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ঘাট সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করে বলেন, ঈদের আর এক দিন বাকি থাকায় আজ থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার অধিকাংশ গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ হয়েছে। এতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এর মধ্যে থেমে থেমে বৃষ্টির কারণে ফেরিতে যানবাহন ওঠানো-নামানোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ফলে সময় বেশি লাগছে এবং ঘাট এলাকায় চাপ তৈরি হচ্ছে।

এর আগে গতকাল ঘাট পরিদর্শনে এসে অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগের সত্যতা পান নৌপরিবহন প্রতিমন্ত্রী। পরে তিনি সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ও আইনানুগ ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে ৫ নম্বর ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় দায়িত্বরত আনসার সদস্যকে সম্পৃক্ততার অভিযোগে এবং তদারকিতে গাফিলতির কারণে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us