শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চুরির ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউএনও কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন খাঁনের কক্ষে থাকা একটি স্টিলের আলমারিতে ২৬ মার্চের ব্যয়ের জন্য ৪ লাখ ৬ হাজার টাকা সংরক্ষিত ছিল। ২৫ মার্চ সকালে অফিসে এসে তিনি আলমারির তালা খুলতে না পেরে মিস্ত্রি ডাকেন। পরে তালা খুলে দেখা যায়, ভেতরের লক ভাঙা এবং আলমারিতে রাখা নগদ টাকা, হাটবাজার খাস আদায়ের প্রায় ১৪ লাখ টাকা ও আড়াই লাখ টাকার দুটি পে-অর্ডার নেই।


পরবর্তীতে কক্ষ তল্লাশি করে ছেঁড়া অবস্থায় পে-অর্ডার দুটি পাওয়া গেলেও নগদ অর্থ উদ্ধার করা যায়নি।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পরিচ্ছন্নতাকর্মী তুষার দাসের সন্দেহজনক যাতায়াত শনাক্ত হয়। এ ঘটনায় জাকির হোসেন খাঁন বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকা থেকে তুষার দাস (২৮) কে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলার সদর থানার থানা পাড়া এলাকায় অভিযান চালিয়ে সুবর্ণা হীরা নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক জানান, ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available