বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ মার্চ মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলার আয়ারমারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি মহাসড়কের পাশে জ্বালানি হিসেবে গাছের ডাল সংগ্রহ করতে গেলে সেখানে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এতে তার মুখমণ্ডল থেঁতলে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available