ঝিনাইদহ প্রতিনিধি: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার কালীগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট রোধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরই অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন মুদি দোকান ও ফলের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।
অভিযানকালে দুই ফল আমদানিকারককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available