স্টাফ রিপোর্টার : পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও তার ভাতিজা আহত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু গুরুতর আহত হয়েছেন।
আহত মহিউদ্দিন মল্লিক নাসির সদর উপজেলার সংকরপাশা গ্রামের বাসিন্দা এবং রিয়াজ উদ্দিন মল্লিক নিপুও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরে গভীর ক্ষত রয়েছে। তাদের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
এদিকে, এই হামলাকে নির্বাচনী সহিংসতা বলে দাবি করেছেন পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল। তিনি অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দুর্বৃত্তদের হামলায় মহিউদ্দিন মল্লিক নাসির ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন নিপু গুরুতর আহত হয়েছেন। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available