রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও ইয়াবাসহ আটজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানাধীন ০৬নং বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী ট্যুরিস্ট বোটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- কাজী আশরাফুল আজম দিপু (৪০), মো. দুলাল মিয়া (৪৪), মো. আকতার হোসেন (৪০), মো. কামরুল হাসান (৪০), জয় মার্মা (৩৫), নূর মোহাম্মদ (৪২), মো. সাফায়েত হোসেন (৩৭) ও মো. রুস্তম আলী (৪০)। তারা রাঙামাটি শহরের তবলছড়ির ওয়াপদা কলোনী, অফিসার্স কলোনী, পর্যটন এলাকার দেওয়ান পাড়া, বিজিবি গেইট মোড় এবং বালুখালী ইউনিয়নের সামপাড়া পাহাড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্যুরিস্ট বোটে মাদকের আসর বসেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এসআই (নিঃ) রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্যসহ আটজনকে হাতেনাতে আটক করা হয়।
কোতয়ালী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ট্যুরিস্ট বোটে করে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ধরা পড়ে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কিছু মাদক নদীতে ও নৌকায় ছড়িয়ে ফেলে। নদীতে নিক্ষেপ করা মাদক উদ্ধার করা সম্ভব না হলেও নৌকা থেকে ৬০০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা জেলার বিভিন্ন স্থান থেকে কম দামে মাদক সংগ্রহ করে শহর ও প্রত্যন্ত অঞ্চলে অধিক মূল্যে বিক্রি করতেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকদ্রব্য শুধু ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। ইয়াবা ও চোলাই মদের মতো অবৈধ মাদক তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। প্রশাসনের অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও জানান, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সচেতন নাগরিকদের পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available