• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩১:০৬ (19-Aug-2026)
  • - ৩৩° সে:
পশ্চিমবঙ্গে পরপর তিন হত্যাকাণ্ড, নিহত সবাই মুসলিম

পশ্চিমবঙ্গে পরপর তিন হত্যাকাণ্ড, নিহত সবাই মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে পরপর তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাঁকুড়া ও নদীয়া জেলার পৃথক এসব ঘটনায় নিহত তিনজনই মুসলিম বলে জানা গেছে। ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা দেখা দিয়েছে।বাঁকুড়ার ইন্দাসে মোহাম্মদ মাফিক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী আবদুল হাফিজের বাবা বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, বাড়িতে ঢুকে মাফিককে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তাধীন।মাফিকের পরিবারের সঙ্গে দেখা করে ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য রাজ্য সরকারকে সময়সীমা দেওয়ার কথাও জানিয়েছেন।এদিকে, গত শনিবার রাতে নদীয়া জেলার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাড়ি ফেরার পথে একটি রেলওয়ে আন্ডারপাসের কাছে তাঁদের গাড়ির পথ আটকে হামলা চালানো হয়। পরে বাবা-ছেলেকে গাড়ি থেকে নামিয়ে হামলা করা হয়।এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে স্থানীয় পঞ্চায়েতের এক নেত্রীও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে আর কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।পরপর এসব হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তবে পৃথক এসব হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।পুলিশ পৃথক ঘটনাগুলোর তদন্ত চালিয়ে যাচ্ছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া