হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল হাজার, একদিনেই ৩ প্রাণহানি
অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ শিশু। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯০২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২ শিশু মারা গেছে।এছাড়া ২৪ ঘণ্টায় ৬৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১৯। এই সময়ে ১ হাজার ৩৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৯ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।সূত্র: ইউএনবি