• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৫:৪১ (14-Sep-2026)
  • - ৩৩° সে:
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

ডেস্ক রিপোর্ট: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর এবং তাদের ঘুষ ও চরম লুটপাটের কারণেই জনজীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রশাসনে অনিয়ম ও দুর্নীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ দেশের জাতীয় কোষাগার লুট করেছে। বিদেশি সহায়তার অর্থ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।রিজার্ভ চুরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফিলিপাইনে এ ঘটনায় জড়িত অপরাধীদের বিচার হলেও বাংলাদেশে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তি নিশ্চিত করা হয়নি। দেশে মানুষ দিনের পর দিন অন্যায়-অবিচারের শিকার হলেও বিচার পাচ্ছে না।প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাবেক সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার করে সেখানে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, লন্ডনে তাঁর ৩৬০টি বাড়ি ছাড়াও দুবাই ও যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ রয়েছে। এসব সম্পদ জনগণের লুণ্ঠিত অর্থ বলে দাবি করেন তিনি।স্পিকার আরও বলেন, এখনো প্রশাসনে সাবেক সরকারের দোসররা বহাল থাকায় অনিয়ম-অপকর্মের প্রকৃত চিত্র পুরোপুরি জনগণের সামনে আসছে না।প্রতিবেশী ভারতের সঙ্গে বিগত সরকারের দ্বিপক্ষীয় নীতিরও সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়ে রাখতে চায়। বিগত ১৬-১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করেছে।বিভিন্ন অসম চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জাহাজকে বসিয়ে রাখা হয়েছে। পাশাপাশি নামমাত্র শুল্কে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হয়েছে, যা দেশীয় ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি করছে।সীমান্ত হত্যারও তীব্র প্রতিবাদ জানান স্পিকার। তিনি বলেন, বিশ্বের অন্য কোনো সীমান্তে এমন ঘটনা না ঘটলেও বাংলাদেশে প্রায়ই নিরীহ মানুষকে সীমান্তে হত্যা করা হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখা ও নিজেদের ভাগ্য গড়তে বিগত আওয়ামী লীগ সরকার দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অন্যের হাতে তুলে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।সূত্র: দেশ রূপান্তর