মক্কাকে টার্গেট করায় হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগে ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী মিলিশিয়া’ আখ্যা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। মক্কাকে লক্ষ্য করার এ ধরনের কর্মকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ এবং বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে উসকানি বলেও মন্তব্য করেছেন তিনি।২২ সেপ্টেম্বর মঙ্গলবার জেদ্দায় সৌদি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে বাদশাহ সালমান এসব মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ।সৌদি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, মক্কাকে লক্ষ্য করে হুতিদের বারবার হামলার চেষ্টার নিন্দা জানিয়ে বাদশাহ সালমান পবিত্র স্থান, হজ ও ওমরাহ পালনকারী, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।এর আগে ১৫ সেপ্টেম্বর সৌদি আরব জানিয়েছিল, হুতিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে যাওয়ার সময় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি ভূপাতিত করেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। সৌদি আরব বলেছে, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটি ছিল দ্বিতীয় এমন প্রচেষ্টা।তবে হুতিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি সৌদি দাবিকে ‘জঘন্য মিথ্যা’ বলে অভিহিত করেন। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানে হামলার হুমকি দেয়নি।মক্কায় এ ঘটনায় প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল বলে আল জাজিরা জানিয়েছে। শহরটিতেই ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফ অবস্থিত।এদিকে চলতি মাসে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে। ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সৌদি আরবের ওপর হুতিদের হামলা এবং লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকির নিন্দা জানিয়েছে।সৌদি আরবের ওপর হামলার পাশাপাশি ইয়েমেনেও পাল্টাপাল্টি হামলা চলছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।সূত্র: সৌদি প্রেস এজেন্সি, আল জাজিরা