বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধরপাকড় ও কঠোর নিরাপত্তাব্যবস্থার সমালোচনা করেছেন চলচ্চিত্র অঙ্গনের একাধিক পরিচিত ব্যক্তি। একই দাবির প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেন অনেকে। সেখানে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান।১০ অক্টোবর শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।তবে বিক্ষোভ শুরুর আগেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাসহ একাধিক নেতাকে আটক করে পুলিশ।দিল্লিতে পুলিশের পদক্ষেপের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অপূর্ব আসরানি, বিক্রমাদিত্য মোতওয়ানে, শিরীষ কুন্দর, অভিনেতা প্রকাশ রাজ, মোহাম্মদ জিশান আইয়ুব, কৌতুকশিল্পী বীর দাস এবং সংগীতশিল্পী বিশাল দাদলানি। তারা বিক্ষোভকারীদের আটক ও প্রতিবাদ করার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন।এদিকে, মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন অভিনেতা ইমরান খান। শনিবার শহরের আগস্ট ক্রান্তি ময়দান এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে তাকেও আটক করে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।মুম্বাইয়ের কর্মসূচির আয়োজন করে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লগ’। আয়োজকদের উদ্দেশ্য ছিল দিল্লিতে সিজেপির কর্মসূচির প্রতি সংহতি জানানো এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সমর্থন করা। তবে তুষার গান্ধী ও তার সহযোগীদের কর্মসূচিস্থলে পৌঁছানোর আগেই আটক করা হয়।সূত্র: স্টার নিউজ