সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
বিনোদন ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তৃষা কৃষ্ণান ও থালাপতি বিজয়ের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তৃষা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যভাবে মন্তব্য করে এসব জল্পনা সরাসরি নস্যাৎ করেছেন।তৃষা একটি পোস্টে ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘সিনেমা ছেড়েছি, ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি, চার সন্তানের মা...আর কিছু বাকি আছে? সব মিলিয়ে যেন একটা গল্পের বই।’ এই পোস্টে স্পষ্ট হয়, অভিনেত্রী চলচ্চিত্র থেকে সরে যাওয়ার এবং ব্যক্তিগত জীবনের ওপর ছড়িয়ে পড়া গুজব শুধুই ভিত্তিহীন।জল্পনার সূত্রপাত হয়েছিল বিভিন্ন প্রতিবেদনের কারণে, যেখানে দাবি করা হচ্ছিল, তৃষা শিগগিরই চলচ্চিত্রজগৎ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। এমনকি কিছু প্রযোজকও এমন ইঙ্গিত দিয়েছেন বলে খবর ছড়ায়। তবে অভিনেত্রী সরাসরি এসবকে খণ্ডন করেছেন।এদিকে, দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম। সংগীতা তার বিচ্ছেদের আবেদনে দাবি করেছেন, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। অভিযোগের তির তৃষা কৃষ্ণানের দিকে লক্ষ্য করে নতুন বিতর্ক শুরু হয়।সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়, বিজয় ও তৃষা শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। ভিডিওটি আরও আলোচনার জন্ম দেয়, যখন তৃষার মা উমা কৃষ্ণান সেই ভিডিওতে লাইক দেন। এটি ভক্তদের মধ্যে নতুন জল্পনার সূত্রপাত করে।সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই জল্পনার মধ্যেও তৃষা নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে ভিত্তিহীন বলে ঘোষণা করেছেন।