• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৪৩:৩৮ (10-Apr-2026)
  • - ৩৩° সে:
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৫ মার্চ বুধবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ শুভেচ্ছা জানান।শুভেচ্ছা বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, ভারতের সরকার, জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, সুদৃঢ় সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘ ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে গভীরভাবে যুক্ত, যা দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারত্বের ভিত্তি তৈরি করেছে।বার্তায় আরও বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশ সংযোগ, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে সীমান্তের উভয় পাশের জনগণ বাস্তব সুফল পাচ্ছে।শেষে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন এবং রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন।