খেলনার প্রলোভন দেখিয়ে শিশুকে বলৎকার, কিশোর গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কেশববাড়িয়া গ্রামে ৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ৫ এপ্রিল রোববার সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত কিশোর খেলনার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির ওপর জোরপূর্বক নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে কান্নাকাটি শুরু করে এবং তার শরীর থেকে রক্তপাত হতে থাকে।এসময় শিশুটির মা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তার শারীরিক অবস্থা দেখে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।লালপুর থানার পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে রোববার রাতেই কেশববাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।