• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৪:৫৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, জনতার ঢল

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। সেখানে শিক্ষার্থী-জনতার ঢল নেমেছে। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক জনসমাগম সৃষ্টি হতে থাকে।এসময় বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেন।অবরোধে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘সুশীলতা অনেক হয়েছে। সুশীলতার কারণে ওসমান হাদির রক্ত এই জমিনে ঝরেছে। আমাদের আর পেছনে যাওয়া চলবে না। আমাদের এই রাজপথ শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের যারা উপদেষ্টা তারা এখানে এসে জনগণের সামনে না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে যাবো না।’জাবের ঘোষণা দেন, প্রয়োজনে তারা শাহবাগ চত্বরে রাত্রিযাপন করবেন।গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।