• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৫৯:০৩ (14-Aug-2026)
  • - ৩৩° সে:
পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার নিষিদ্ধ

পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলে বিরল এক শাস্তির মুখে পড়েছেন ইন্টারনাসিওনালের ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল। ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে নিষিদ্ধ থাকবেন তিনি।ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া বিচারিক সংস্থা সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) মঙ্গলবার এ রায় দেয়।গত ২২ জুলাই ব্রাজিলিয়ান লিগে ইন্টারনাসিওনাল ও ক্রুজেইরোর ম্যাচে ভিক্টর গ্যাব্রিয়েলের ট্যাকলে গ্যাব্রিয়েল পেকের বাঁ পায়ের টিবিয়া ভেঙে যায়। গুরুতর এ চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন ক্রুজেইরোর ফরোয়ার্ড।ঘটনার গুরুত্ব বিবেচনায় আদালত ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৪ নম্বর ধারা প্রয়োগ করে ভিক্টর গ্যাব্রিয়েলের নিষেধাজ্ঞাকে পেকের পুনর্বাসনের সময়ের সঙ্গে যুক্ত করেছে। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ ১৮০ দিন। চিকিৎসকদের অনুমতি নিয়ে পেক অনুশীলনে ফিরলেই ভিক্টর গ্যাব্রিয়েলের নিষেধাজ্ঞাও শেষ হবে। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।আদালতে ভিক্টর গ্যাব্রিয়েল বলেন, প্রতিপক্ষকে আঘাত করার কোনো ইচ্ছা তার ছিল না। পেকের চোটের পর থেকে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন বলেও জানান। একই সঙ্গে ক্রুজেইরো ক্লাব ও সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চান তিনি।তবে আদালতের এ সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। এক বিচারক প্রচলিত নিয়ম অনুযায়ী ছয় ম্যাচের নিষেধাজ্ঞার পক্ষে মত দিলেও সংখ্যাগরিষ্ঠ বিচারক দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেওয়ায় সেটিই চূড়ান্ত রায় হিসেবে গৃহীত হয়।উল্লেখ্য, গ্যাব্রিয়েল পেক এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সির হয়ে খেলেছেন। পরে ক্লাবটির ইতিহাসের অন্যতম বড় অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়ায় ক্রুজেইরো।সূত্র: ইএসপিএন