রংপুরে যুবদল নেতা হত্যা মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে (২০) কুপিয়ে হত্যার ঘটনার মামলার এজাহারভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।১৪ এপ্রিল মঙ্গলবার তিনজনকেই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগাড়ে পাঠায় পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগরের রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার মৃত মুসলিমের ছেলে মো. মমিন মিয়া (৪২), ও মমিনের স্ত্রী সুইটি বেগম (৩৫) এবং এইক এলাকার বাদশা মিয়ার ছেলে আ. মজিদ (৩১)।রংপুর মেট্টোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান হত্যাকাণ্ডের শিকার হন।এ ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ পূর্বক হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।সোমবার (১৩ এপ্রিল) রাতে পুলিশ অভিযান চালিয়ে নগরীর বৈরাগীপাড়া মাছুয়াপাড়া এলাকা থেকে আ. মজিদকে এবং ওইদিন বিকেলে র্যাব-১৩ রংপুরের টিম অভিযান চালিয়ে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর থেকে মমিন মিয়া ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেফতার করে। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন ও তার সহযোগীরা রাকিব হাসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া, ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের হাতাহাতির ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হঠাৎ করেই রিকশাযোগে এসে মমিন ও তার দলবল রাকিবের ওপর হামলা চালায়। পরে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।রাকিবের বাবা আব্দুস সামাদ বলেন, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২৫ সালের নভেম্বরে রাকিবের পা ভেঙে দেয় মমিন। সে সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হয় রাকিবকে। ঘটনার আগের দিন বুধবার এক চায়ের দোকানে রাকিব মমিনের উদ্দেশে গালি দিলে মমিনের স্ত্রীর সঙ্গে তর্ক হয়।তিনি আরও বলেন, তর্কাতর্কির ঘটনার পরদিন বৃহস্পতিবার স্থানীয় একটি চায়ের দোকানে রাকিবকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতালি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মমিন।