মোদিকে নিয়ে ভুয়া ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।পুলিশ জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীকে ঘিরে একাধিক ভুয়া ভিডিও, ছবি ও বিভ্রান্তিকর পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। অভিযোগ অনুযায়ী, এসব কনটেন্টের বড় অংশই এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের পক্ষে সেগুলোর সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব ভুয়া কনটেন্ট জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিস্তার বাড়িয়ে দিচ্ছে। এ কারণেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।পুলিশ আরও জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট এআই-নির্মিত কনটেন্ট, সেগুলোর উৎস এবং কীভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।সূত্র: এনডিটিভি