নায়িকা মিমির বিয়ে নিয়ে গুঞ্জন, পাত্র সম্পর্কে যা জানা গেল
বিনোদন ডেস্ক: টলিপাড়ায় আবারও জোরালো হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান ভারতের পাহাড়ি শহর কালিম্পংয়ে হতে পারে বলেও শোনা যাচ্ছে।গুঞ্জন অনুযায়ী, মিমির কথিত পাত্র চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত এবং তাঁর নাম সিদ্ধার্থ বলে দাবি করা হচ্ছে। তবে মিমি চক্রবর্তী কিংবা কথিত পাত্রের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি মিমির আপ্তসহায়কও এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মিমি চক্রবর্তী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয়তা বজায় রেখেছেন। বিয়ে নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকলেও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো নিশ্চিত তথ্য দেননি। ফলে ডিসেম্বরের বিয়ে কিংবা কথিত পাত্র সিদ্ধার্থের বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই থাকছে।বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিটি দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে। পাশাপাশি আরও একটি নতুন ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।মিমির বিয়ে নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই অনুরাগীদের কৌতূহল—সত্যিই কি ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী? আর গুঞ্জনে উঠে আসা সিদ্ধার্থই কি তাঁর জীবনসঙ্গী হতে যাচ্ছেন? এসব প্রশ্নের উত্তর মিলবে মিমির আনুষ্ঠানিক বক্তব্যের পরই।সূত্র: বাংলা টাইমস