• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১৩ (30-Jul-2026)
  • - ৩৩° সে:
চীনে ভয়াবহ ভূমিধসে ২১ বনকর্মীর মৃত্যু

চীনে ভয়াবহ ভূমিধসে ২১ বনকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসে ২১ জন বনকর্মীর মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরও ১২ জন প্রাণে বেঁচে গেছেন। তাদের মধ্যে ৭জন সামান্য আহত হয়েছেন।ভূমিধসটি ঘটেছে চীনের গানসু প্রদেশের তানচাং কাউন্টির একটি জনবসতিহীন পাহাড়ি এলাকায়। এটি প্রাদেশিক রাজধানী ল্যাংজো থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনভূমি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার পথে শ্রমিকদের দলটি ভূমিধসের কবলে পড়ে। সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পাহাড়ের একটি বড় অংশ ধসে নিচে নেমে এসেছে। ধসে পড়া মাটির অংশ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের এলাকাটি প্রায় ৪০ মিটার চওড়া ছিল এবং প্রায় পাঁচ হাজার ৪০০ বর্গমিটার এলাকা মাটি ও পাথরের নিচে চাপা পড়ে। ধ্বংসস্তূপের গভীরতা ছিল ৮ থেকে ১০ মিটার। উদ্ধারকাজে খননযন্ত্র ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানো হয়।লংনান শহরের প্রাকৃতিক সম্পদ বিভাগের কর্মকর্তা ইয়াং ইয়াওশিয়ান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, খাড়া পাহাড়ি ঢাল, মাটির ক্ষয় এবং এলাকার ভূতাত্ত্বিক গঠনের কারণে এই ভূমিধস ঘটেছে। তিনি আরও বলেন, ধসে পড়া মাটি ও পাথর এখনো অস্থিতিশীল অবস্থায় রয়েছে।