দুর্গাপূজায় বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: ভূমিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সবার প্রিয় শহর। এখানে মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় সভায় উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দে আশপাশের কোনো দরিদ্র ও অসহায় শিশু যেন খাবার বা নতুন পোশাকের অভাবে কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে মিলেমিশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই পূজার আয়োজকদের পাশে রয়েছে।রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।