বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এ উদ্যোগের ফলে একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণ, আবাসন ও ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান এবং মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এ কর্মসূচির আওতায় আনা হবে।নতুন প্যাকেজের আওতায় ভ্রমণকারীরা অনুমোদিত সেবাদাতার মাধ্যমে একটি বুকিং করলেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা একসঙ্গে পাবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুকিং সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি গ্রহণ করবেন। বর্তমানে রিজারভাল ও আলমোসাফ—এই দুটি অনুমোদিত ট্রাভেল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।এই ভিসার মেয়াদ হবে তিন মাস। এতে একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থানের অনুমতি থাকবে।প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য এক হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। এছাড়া, ইচ্ছা করলে ভ্রমণকারীরা বুকিংয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান বা বিনোদনমূলক কার্যক্রমের টিকিটও যুক্ত করতে পারবেন।তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। যদিও ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির অন্যান্য এলাকার পাশাপাশি মক্কা ও মদিনা ভ্রমণ করতে পারবেন, তবে উমরাহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান প্রযোজ্য হবে।এ ছাড়া, কোনো কারণে ফ্লাইট বা আবাসনের বুকিং বাতিল হলে অর্থ ফেরত বা পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।