বড়পুকুরিয়ায় তাপকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রটির সর্বশেষ চালু ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।২২ এপ্রিল বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর আগে অন্য দুটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে পুরো কেন্দ্রটিই অচল হয়ে পড়েছে।কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর মিশে আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়, ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি বলেন, মেরামত কাজ চলমান রয়েছে এবং পুনরায় উৎপাদন শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কার কাজের কারণে ২০২০ সালের নভেম্বর থেকে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল। তবে এ দুটি ইউনিটও বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। গত বছর ফেব্রুয়ারি ও অক্টোবর মাসেও বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল।বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।