জামালপুরে দশানী নদীর ওপর ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবি
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের মদনেরচর তালতলা গুদারা ঘাটে দশানী নদীর ওপর ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানবন্ধন করেছে শত শত মানুষ। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাধুরপাড়া ইউনিয়নের এই জনপদের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন নৌকা।১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। একটি ব্রিজের অভাবে বকশীগঞ্জের ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুধু ব্রিজই নয়, জিন্নাহ মোড় থেকে তালতলা গুদারাঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় বর্ষাকালে এই ভোগান্তি রূপ নেয় নরকে।সিপন মিয়া বলেন, আমাদের এখানে কোনো গর্ভবতী মহিলা বা অসুস্থ রোগী থাকলে হাসপাতালে নেওয়ার আগেই মারা যাওয়ার উপক্রম হয়। ছাত্র-ছাত্রীরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। আমরা অবিলম্বে এখানে একটা ব্রিজ ও পাকা রাস্তা চাই।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। অবিলম্বে জনদুর্ভোগ লাঘবে দশানী নদীর ওপর একটি টেকসই সেতু এবং তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।