• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:১৯:১১ (14-May-2026)
  • - ৩৩° সে:
টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এক অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ব্যাটিং মায়েস্ট্রো বিরাট কোহলি। প্রথম ভারতীয় এবং বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন তিনি।১৩ মে বুধবার আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে এই কীর্তি গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তারকা।রেকর্ডের বরপুত্র কোহলি কেবল ১৪ হাজার রানই পূর্ণ করেননি, বরং এটি করেছেন ইতিহাসের দ্রুততম সময়ে। এই উচ্চতায় পৌঁছাতে ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটারের লেগেছে মাত্র ৪০৯ ইনিংস। এর আগে রেকর্ডটি ছিল ক্যারিবীয় দানব ক্রিস গেইলের দখলে, যিনি ৪২৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। গেইলের চেয়ে ১৪ ইনিংস কম খেলেই কোহলি নতুন এই বিশ্বরেকর্ড নিজের করে নিলেন।গত দুই ম্যাচে কোনো রান না করেই সাজঘরে ফিরে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। তবে কেকেআরের বিপক্ষে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে তার ব্যাট কথা বলল স্বমহিমায়। ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬০ বলে অপরাজিত ১০৫ রান করেন তিনি। ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো এই ইনিংসটি ছিল টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোহলির ১০ম সেঞ্চুরি (আইপিএলে ৯ম)।কোহলির অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। ওপেনিংয়ে দেবদূত পাডিক্কালকে (৩৯) সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তিনি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করল বেঙ্গালুরু।টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় কোহলির (১৪,০৪৪) ওপরে রয়েছেন ক্রিস গেইল (১৪,৫৬২), কাইরন পোলার্ড (১৪,৪৮২), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯), ডেভিড ওয়ার্নার (১৪,২৮৪) এবং জস বাটলার (১৪,২০০)।ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোহলি বলেন, 'চাপকে আমি সুযোগ হিসেবে দেখি। টানা দুটি শূন্য রানের পর রান পাওয়াটা স্বস্তির ছিল, তবে দলের জয়ই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।' এই বিধ্বংসী ফর্ম অব্যাহত থাকলে কোহলি খুব শীঘ্রই তালিকার শীর্ষে থাকা গেইলকেও ছাড়িয়ে যাবেন বলে আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।তথ্যসূত্র: চ্যানেল ২৪