বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একসঙ্গে এতসংখ্যক উড়োজাহাজ কেনার চুক্তি দেশের ইতিহাসে এই প্রথম বলে জানা গেছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বক্তব্য দেন।চুক্তি অনুযায়ী, বিমান ৮টি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ সংগ্রহ করবে। প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগ দেশের বেসামরিক বিমান খাতে অন্যতম বড় ক্রয়চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী হলো। নতুন ৭৮৭-১০ উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের রুটে এবং ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহার করা হবে। পাশাপাশি ৭৩৭-৮ যুক্ত হওয়ায় স্বল্প দূরত্বের রুট পরিচালনা আরও আধুনিক হবে। নতুন উড়োজাহাজগুলো আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবায় উন্নত সুবিধা দেবে।এর আগে, বাণিজ্য ঘাটতি সমন্বয়ের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি করে অন্তর্বর্তী সরকার। বর্তমান চুক্তি সেই প্রক্রিয়ার পরবর্তী ধাপ।সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে সরবরাহ করা হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে ২০৩৫ সালের মধ্যে সব উড়োজাহাজ হস্তান্তর সম্পন্ন হবে। বাংলাদেশি মুদ্রায় এই চুক্তির মূল্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা।প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটি কেবল একটি ক্রয়চুক্তি নয়; বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন। নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বৈশ্বিক সক্ষমতা ও আন্তর্জাতিক সংযোগ আরও বিস্তৃত হবে।