• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ সকাল ০৮:৪১:১৯ (16-Mar-2026)
  • - ৩৩° সে:
ভাষা শহীদদের স্মরণে মানিকগঞ্জে মেডিকেল ক্যাম্প

ভাষা শহীদদের স্মরণে মানিকগঞ্জে মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.) এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ। এ সময় মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইউনিটের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।আয়োজক সূত্রে জানা যায়, আউটডোর টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি সকল অপারেশনে ২০ শতাংশ ছাড়, চোখের ছানি রোগীদের ফ্যাকো অপারেশনে ৩০ শতাংশ ছাড়, ফিজিওথেরাপিতে ৩০ শতাংশ ছাড় এবং ডায়ালাইসিসে বিশেষ ছাড় দেওয়া হয়।এ স্বাস্থ্যসেবা নিতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু হাসপাতালে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ পেয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। অনেকে এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাষা শহীদদের স্মরণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এমন সেবামূলক কর্মসূচি চালু রয়েছে।