মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের তাঁতীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও নগদ টাকাসহ বাবা- ছেলেকে গ্রেফতার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স টিম।১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার হলেন—মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তার ছেলে আমানুল্লাহ (২৬)।মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ জানান, তাঁতীপাড়া এলাকায় পিতা-পুত্র মাদক নিয়ে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাং পাতা এবং ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।অভিযানে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।সহকারী পরিচালক রাশেদ আহমেদ আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।