• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪৩:০৫ (08-Sep-2026)
  • - ৩৩° সে:
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশকে জরিমানা

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশকে জরিমানা

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে হারের ধাক্কা সামলে ওঠার আগেই বাংলাদেশ নারী দলের জন্য এল আরেকটি দুঃসংবাদ। নারী এশিয়া কাপে স্লো ওভার রেটের কারণে নিগার সুলতানা জ্যোতির দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করাই এই শাস্তির কারণ।৮ সেপ্টেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ এক ওভার কম বোলিং করেছে।অতিরিক্ত সময়ের হিসাব বিবেচনায় নেওয়ার পরও বাংলাদেশ নির্ধারিত ন্যূনতম ওভার রেট পূরণ করতে পারেনি। এ কারণে এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জি এস লক্ষ্মী বাংলাদেশকে এক ওভার কম করার জন্য দায়ী করেন এবং শাস্তির সুপারিশ করেন।আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়মেই বাংলাদেশের খেলোয়াড়দের এই জরিমানা করা হয়েছে।অভিযোগ মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রস্তাবিত শাস্তিও তিনি গ্রহণ করায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।তবে জরিমানার এই খবরের চেয়েও এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাঠের ফল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে আজ রাতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি জেতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।‘বি’ গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে উঠেছে ভারত ও পাকিস্তান। ফলে বাংলাদেশের সামনে এখন সমীকরণটা বেশ কঠিন। শেষ ম্যাচে জিতে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হবে জ্যোতিদের।সূত্র: চ্যানেল ২৪