ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
বিনোদন ডেস্ক: ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার জন্য এলো বড় সুখবর। প্রথমবারের মতো উৎসবটির অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জিতেছে ‘বিসাতো দ’ওরো’ পুরস্কার। চলচ্চিত্রটির পরিচালক রুবাইয়াত হোসেন পেয়েছেন স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের দেওয়া সেরা পরিচালকের পুরস্কার।১১ সেপ্টেম্বর শুক্রবার ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কারটি ঘোষণা করা হয়। স্বাধীন সমালোচকদের জুরি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ নারীর জীবন ও সামাজিক কাঠামোকে কেন্দ্র করে রুবাইয়াতের নির্মাণশৈলীর প্রশংসা করেছে। সিনেমাটিতে নারীর শরীর ও তার ওপর আরোপিত সামাজিক প্রত্যাশাকে ভিন্নধর্মী ও অতিপ্রাকৃত আবহে তুলে ধরা হয়েছে।‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভেনিসের অরিজন্তি বিভাগে নির্বাচিত হয়ে এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক নজির তৈরি করে। সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয় ৬ সেপ্টেম্বর ভেনিসে।সিনেমাটির গল্প ঢাকার এক তরুণীকে ঘিরে, যে বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে সৌন্দর্যচর্চা, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক চাপের মধ্যে পড়ে। একপর্যায়ে তার শরীর ও মানসিক জগতের নানা অস্বাভাবিক পরিবর্তন ঘটতে থাকে। এসবের মধ্য দিয়ে নারীর শরীর, স্বাধীনতা ও সামাজিক প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম। আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ ও মোহাম্মদ বারী। সিনেমাটির প্রযোজনায় বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানি যুক্ত রয়েছে।ভেনিসের পর সিনেমাটি টরন্টোসহ আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের কেন্দ্রীয় আয়োজনেও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ স্থান পেয়েছে।এবারের ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর শেষ হচ্ছে। উৎসবের মূল প্রতিযোগিতার পুরস্কারও আজ ঘোষণা করা হবে।সূত্র: প্রথম আলো