• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:০৮:৩২ (22-Jul-2026)
  • - ৩৩° সে:
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: দেশের বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।২২ জুলাই বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্রখাতের বেশির ভাগ সমস্যাই দীর্ঘদিনের এবং এগুলো একদিনে সমাধান সম্ভব নয়। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের পরও সমস্যাগুলোর সমাধানে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত উদ্যোক্তারা সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, আর্থিক সংকট এবং শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সরকার ইতোমধ্যে খাতটির জন্য ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।বিটিএমএ সভাপতি আরও বলেন, বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর সরকারি উদ্যোগ সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এ জন্য বাজারে ডাম্পিংয়ের মতো প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।