• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩২:২৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

ডেস্ক রিপোর্ট: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান ফল প্রকাশ করা হয়েছে। তবে ফলাফলে এবার বড় ধরনের বিপর্যয় দেখা গেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। গত বছর এ হার ছিল ৫৮.৮৩ শতাংশ। গত ২১ বছরের মধ্যে এবারই এইচএসসি পরীক্ষায় পাসের হার সর্বনিম্ন।পরীক্ষায় অংশ নিয়েও অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একটি অংশ এবার উত্তীর্ণ হতে পারেননি।বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। অন্যদিকে আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। ২ বিষয় মিলিয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২১ জন। ফলে ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা এবার সামগ্রিক ফলাফলেও বড় প্রভাব ফেলেছে।বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ড তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এ বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী। অন্যদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার আরও কম, ৪৪.৮৪ শতাংশ। এ বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী।যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪.৯২ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২১ জন।সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলও প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।আজ ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।এদিকে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে ফেল করা বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাকে সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।এটিভি/এসটিও