আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। এ হামলায় আরও কয়েক ডজন আহত হন।

২২ ফেব্রুয়ারি রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানায়।


ইসলামাবাদ জানায়, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান-ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে রোববার বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে হতাহতের সংখ্যা যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, আফগানিস্তানে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ-ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে।
ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে, নানগরহারের নিউ সেন্টার নম্বর-১, নানগরহারের নিউ সেন্টার নম্বর-২, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার, নানগরহারের ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং পাকতিকার মুখলিস ইয়ার সেন্টার।
পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র জানায়, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষতির মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available