• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:০৭:৪৫ (12-Aug-2026)
  • - ৩৩° সে:
গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন পাইলট

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ওই ফ্লাইটের প্রধান পাইলটের ডোপ টেস্টে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। পরপর দুটি পরীক্ষায় পজিটিভ ফল আসার পর তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি। এয়ারবাস এ৩২০নিও মডেলের বিমানটিতে ১৩৭ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন।উড্ডয়নের পর ক্রুজিং অবস্থায় থাকা বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানের ভেতরে তীব্র ঝাঁকুনি সৃষ্টি হয় এবং সিটবেল্ট না বাঁধা কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য ছিটকে পড়েন। ঘটনায় অন্তত ২০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য আহত হন।ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, আহতদের মধ্যে দুই ক্রু সদস্যের ঘাড় ও মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর আঘাত লাগে।ঘটনার সময় প্রধান পাইলট ককপিটের নির্দিষ্ট আসনে ছিলেন না এবং সহ-পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি। তবে বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। যান্ত্রিক ত্রুটি, পরিচালনাগত ভুল কিংবা অন্য কোনো কারণে ঘটনাটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী বিমানের দুই পাইলটের শারীরিক ও মাদক পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি পাওয়া যায়। পরে দ্বিতীয় পরীক্ষাতেও একই ফল পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর বিমানের দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে গ্রাউন্ডেড করা হয়েছে।এদিকে ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে কারিগরি, পরিচালনাগত, চিকিৎসা-সংক্রান্ত ও মানবীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিমানের রক্ষণাবেক্ষণ নথি, উড্ডয়নসংক্রান্ত তথ্য, রেকর্ড করা উড্ডয়ন-তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করা হচ্ছে।মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো আংশিক তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ঘটনার প্রকৃত কারণ শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়াই তদন্তের মূল উদ্দেশ্য।এদিকে এয়ার ইন্ডিয়ার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ন্ত্রক সংস্থা বা কোনো বিমান সংস্থার পক্ষ থেকেই নিরাপত্তার বিষয়ে আপস মেনে নেওয়া হবে না।সূত্র: এনডিটিভি