আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নতুন নিরাপত্তা নির্দেশনা মেনে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বিরত রেখেছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলগামী ফ্লাইটে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের দায়িত্ব না দেওয়ার শর্ত মেনে নিয়েছে এয়ার ফ্রান্স। যেসব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের নাগরিকদের এ বিধিনিষেধের আওতায় রাখা হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানের মতো দেশ রয়েছে।
নির্দেশনায় সরাসরি কোনো ধর্মের উল্লেখ না থাকলেও জাতীয়তার ভিত্তিতে এমন বিধিনিষেধের কারণে সংশ্লিষ্ট দেশগুলোর মুসলিম কর্মীরা বৈষম্যের শিকার হতে পারেন বলে সমালোচনা উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফ্রান্স কর্মীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য দ্রুত জানাতে নির্দেশ দিয়েছে। নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ফ্রান্সে বিমান সংস্থাটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২-এর তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর দেশটির পরিবহন মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে। এর আগে ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে নিরাপত্তাসংক্রান্ত ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ইসরায়েল বিমান চলাচলের নিরাপত্তা জোরদারে নতুন বিধিনিষেধ কার্যকর করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ইসরায়েলি বিমান সংস্থাগুলোও কর্মীদের অতীত ও পরিচয়সংক্রান্ত তথ্য যাচাই জোরদার করেছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এয়ার ফ্রান্সের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available