সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
ডেস্ক রিপোর্ট: বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করা ৩ নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। ১২ অক্টোবর সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।পদোন্নতি পাওয়া ৩ কূটনীতিক হলেন- ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।সামিনা নাজ নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভারতের মুম্বাই ও দিল্লি, নেদারল্যান্ডসের হেগ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।অন্যদিকে নওরীন আহসান এর আগে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ ও কানাডার অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।৩ নারী কূটনীতিকের এই পদোন্নতিকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নারীদের নেতৃত্ব ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।