নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক: মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পর্যালোচনার জন্য নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ২৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭.৫০ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। এ অবস্থায় আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত নেয় এমপিসি।সভায় বলা হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে। এর সঙ্গে দেশে জ্বালানির দাম বৃদ্ধি ও নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।এসব পরিস্থিতির প্রভাব, বিশেষ করে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতির (সিপিআই) গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পর নীতি সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।গত জুলাইয়ে নীতি সুদহার কমানোর পর এবার তা অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক।সভায় উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ এমপিসির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সূত্র: বাসস