• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০২:০৭:২২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদ চায় না পাকিস্তানসহ ১২ দেশ

নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদ চায় না পাকিস্তানসহ ১২ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদ তৈরির বিরোধিতা করেছে পাকিস্তানসহ ১২টি দেশ। নতুন স্থায়ী সদস্যপদ বাড়ানোর পরিবর্তে নির্বাচিত সদস্য সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আবর্তনশীল সদস্যপদ চালুর পক্ষে মত দিয়েছে তারা।২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ গোষ্ঠীর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।গোষ্ঠীটির ১২ সদস্য হলো—আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক।যৌথ বিবৃতিতে বলা হয়, আরও প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর নিরাপত্তা পরিষদ গড়ে তোলাই তাদের অভিন্ন লক্ষ্য। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এমন একটি নিরাপত্তা পরিষদ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।গোষ্ঠীটি মনে করে, নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানো হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার নীতি সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে আফ্রিকার দীর্ঘদিনের প্রতিনিধিত্বের ঘাটতি দূর করার জন্য এটিকে সবচেয়ে ন্যায্য ও গণতান্ত্রিক পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মতো কম প্রতিনিধিত্ব পাওয়া অন্যান্য অঞ্চলের ক্ষেত্রেও নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছে গোষ্ঠীটি।নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদ তৈরির বিষয়ে নিজেদের বিরোধিতার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে ‘ইউনাইটিং ফর কনসেনসাস’। পাশাপাশি নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে তারা।বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর নেতৃত্বে আলোচনার একমাত্র বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হলো আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়া। সংস্কারের পরবর্তী ধাপ সংলাপ, নমনীয়তা ও সমঝোতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।ভেটো ক্ষমতার বিষয়ে গোষ্ঠীটি জানায়, তারা ভেটো বিলুপ্তির পক্ষে। তবে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে ভেটোর ব্যবহার সীমিত করার পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে ব্যাপক নৃশংসতা ও যুদ্ধাপরাধের মতো পরিস্থিতিতে ভেটোর ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছে তারা।এ ক্ষেত্রে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগ এবং ‘অ্যাক্ট কোড অব কনডাক্ট’-এর মতো বিদ্যমান উদ্যোগগুলোর কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিরাপত্তা পরিষদের ব্যাপক সংস্কারের লক্ষ্যে সাধারণ পরিষদের সভাপতি, ভবিষ্যৎ আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়ার সহসভাপতি এবং সব সদস্যরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছে গোষ্ঠীটি।সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন