নাফ নদী থেকে তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।৮ আগস্ট শনিবার নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০) এবং মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)। অপর জেলের পরিচয় জানা যায়নি।শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, সকালে তিন জেলে মাছ ধরতে নাফ নদীতে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধাওয়া করেন। পরে ট্রলারসহ তিন জেলেকে আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।তিনি দাবি করেন, এর আগেও একই এলাকা থেকে ৩০ থেকে ৪০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে নাফ নদী ও সাগরে মাছ ধরা জেলেদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকার জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে বলেও তিনি দাবি করেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি জেলেরা যাতে জলসীমা অতিক্রম না করেন, সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে।তিনি বলেন, আটক জেলেদের ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।