• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৭:৩১ (20-Feb-2026)
  • - ৩৩° সে:
৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন

নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এ উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনায় নিয়ে এ মনোনয়ন দেওয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এ নিয়োগ কার্যকর হবে।পিএসসি জানায়, ৯ম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের পদে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে খাদ্য অধিদপ্তর-এ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তর-এ সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এ সহকারী পরিচালক পদে ২৯ জন মনোনীত হয়েছেন। এছাড়া পাসপোর্ট অধিদপ্তর-এ ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর-এ ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনয়ন পেয়েছেন।১০ম গ্রেডে বড় একটি অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এর অধীনে। সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এছাড়া খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তর-এ মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা)সহ কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার প্রার্থী।