• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:০৯ (18-Sep-2026)
  • - ৩৩° সে:
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

অনলাইন ডেস্ক: ২০২৭ সালের হজযাত্রীদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন হজযাত্রীরা।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।এতে বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।তবে এভাবে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।