নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
ডেস্ক রিপোর্ট: নেপালে ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।২৭ সেপ্টেম্বর রোববার রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক সতর্কবার্তায় বাংলাদেশি নাগরিকদের আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।দূতাবাস বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। অব্যাহত বৃষ্টিপাত, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।এ ছাড়া ভূমিধসের কারণে পোখারা ও আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ এবং ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হচ্ছে। মুস্তাং, জমসমসহ গান্দাকি প্রদেশের পার্বত্য এলাকায় ভ্রমণের আগে সড়ক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ ভূমিধসপ্রবণ পার্বত্য এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে।ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।সূত্র: এনটিভি