ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু নিহত হয়েছে। নিহত দুই বোনের নাম আরবিয়া (৮) ও রাবেয়া (৬)। তারা তালদিঘী এলাকার মো. মোখলেসুর রহমানের মেয়ে।২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহির এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত শিশুদের মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করতে অন্যের বাড়িতে যাচ্ছিলেন। দুই মেয়েও তার সঙ্গে ছিল। পরে তিনি মেয়েদের বাড়িতে ফিরে যেতে বলেন।কিছুদূর যাওয়ার পর ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় ফুলপুরগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান রাস্তা পার হওয়া শিশু দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর চালক কাভার্ড ভ্যানসহ পালিয়ে যায়।এটিভি/এসআইআর