• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৪৮ (29-Apr-2026)
  • - ৩৩° সে:
বর্ণ-ধর্ম নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবে ত্রাণ: প্রতিমন্ত্রী ফরহাদ

বর্ণ-ধর্ম নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবে ত্রাণ: প্রতিমন্ত্রী ফরহাদ

পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, দলীয় পরিচয় বা ধর্ম-বর্ণ দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যেই ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।১১ এপ্রিল শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিজ্ঞান মেলার উদ্বোধন ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল বা ধর্ম বিবেচনা করেনি, তেমনি ত্রাণ বিতরণেও কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। প্রকৃত ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে সহায়তা নিশ্চিত করা হবে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণেও একই নীতি অনুসরণ করা হবে বলে তিনি জানান।তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের ক্ষুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে নেশা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে বলেও উল্লেখ করেন।এর আগে, প্রতিমন্ত্রী বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।পরে ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে ১০০টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও শুকনো খাবার, ১৩০টি পরিবারকে এক বান্ডিল টিন ও ৩ হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।