• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৪:৫২ (15-Feb-2026)
  • - ৩৩° সে:
চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে ‘তালাক’

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে ‘তালাক’

মো. হানিফ মেহমুদ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে তারাফুল খাতুন নামে এক গৃহবধূকে ‘তালাক’ দেওয়ার ঘটনা ঘটেছে।১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে বিষয়টি নিয়ে তারাফুল খাতুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ১৩ ফেব্রুয়ারি শুক্রবার শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শেখটোলা তর্তিপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। তারাফুল খাতুনের স্বামী সৈবুর রহমান স্থানীয় বিএনপির এক কর্মী বলে জানা গেছে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্তানদের নিয়ে তারাফুল খাতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে স্থানীয়রা জানান।তারাফুল খাতুন জানান, আমার স্বামী বিএনপি করেন। ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার সময় তিনি আমাকে বলেন ‘সব ঠিক থাকে যেন’। কিন্তু আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। আমি আগেও জামায়াতে বিভিন্ন প্রোগ্রামে গেছি, যা আমার স্বামীও জানতেন। কিন্তু মানুষজনের কথা শুনে তিনি আমাকে তালাক দিয়েছেন।তারাফুলের ছেলে তারিফ হোসেন বলেন, আমরা এখন আমার ফুফুর বাড়িতে আছি। মাকে তালাক দেয়ার পর আমার বাবা আমার সাথে যোগাযোগ করে ভুল স্বীকার করেন। কিন্তু আমার মা আর বাবার সংসারে ফিরতে চান না।তারাফুলের স্বামী সৈবুর রহমান বলেন, আমার ভুল হয়ে গেছে। রাগের মাথায় বউকে তালাক দিয়ে দিয়েছি। এখন লোক লাগিয়েছি তাকে ফিরিয়ে আনার জন্য।এ নিয়ে জামায়াতের শিবগঞ্জ পৌর নায়েবে আমীর আব্দুল আজিজ মাহমুদ বলেন, দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য যেহেতু তারাফুল খাতুনকে তালাক দেয়া হয়েছে সেহেতু দল তার সকল প্রয়োজনে পাশে থাকবে।