সাংবাদিকতায় আসতে সুনির্দিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক: যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন এবং সরকার তা নিয়ন্ত্রণ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তবে সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আসা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।২৫ নভেম্বর বুধবার রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রায়ই অভিযোগ করেন যে, এখন মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যান। বিষয়টি সবারই খেয়াল রাখা উচিত। সাংবাদিক হতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করেই এ পেশায় আসা উচিত। ইয়াসের খান চৌধুরী জানান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনতে কাজ করছে সরকার।পিআইবিকে আরও শক্তিশালী করতে এবং সাংবাদিকতার বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ কর্মসূচি বাড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।পিআইবি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "সাংবাদিকদের প্রশিক্ষণের দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমেই বোঝা যায় তিনি কতটা দূরদর্শী ছিলেন। দেশের উন্নয়নে এই প্রতিষ্ঠানটিকে আমাদের আরও শক্তভাবে গড়ে তুলতে হবে।এ ছাড়া পিআইবির সনদ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে উল্লেখ করে তিনি প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন হওয়ার এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান।প্রতিবেশী একটি দেশের গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, "প্রতিবেশী ওই দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। 'দ্য ইকোনমিস্ট'-এর প্রতিবেদনেও উঠে এসেছে, অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে দেশটি বিশ্বে শীর্ষে রয়েছে। মিথ্যাচার দিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি করা গেলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সম্পাদিত ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন নাজমুল হাসান, রুম্পা ফারজানা ও মো. ইব্রাহিম প্রমুখ। আলোচনা শেষে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।এটিভি/ এম এইচ আই