ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝড়, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ১৮ মার্চ বুধবার সকালে দেওয়া ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।১৯ মার্চ: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।২০ মার্চ: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে; সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।২১ মার্চ: দেশের বৃহত্তর অংশে বজ্রসহ বৃষ্টি ও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।২২ মার্চ: রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে; সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, তাই সবাই সচেতন ও সতর্ক থাকতে হবে।