ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক দুজন
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।১০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তারা দুজনই আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শান্টিংয়ের দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।এটিভি/এসআইআর